Apan Desh | আপন দেশ

‘রামায়ণ’ নির্মাতাদের বিরুদ্ধে থানায় হিন্দু সংগঠনের অভিযোগ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ২৫ নভেম্বর ২০২৬

‘রামায়ণ’ নির্মাতাদের বিরুদ্ধে থানায় হিন্দু সংগঠনের অভিযোগ

ছবি : সংগৃহীত

বলিউডের সিনেমা ‘রামায়ণ’। মুক্তির পর থেকেই এ সিনেমার বিতর্ক যেন থামছেই না। এবার ‘হিন্দু জনজাগৃতি সমিতির’ পক্ষ থেকে নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

ছবিটির নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারি। 

হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকার মুম্বাইয়ের মুলুন্ড ওয়েস্ট থানায় এ অভিযোগ করেছেন। তার অভিযোগ, ছবিটিতে মূল কাহিনি বিকৃত করা হয়েছে। এর ফলে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিযোগের বিস্তারিত তথ্য ও আপত্তিগুলোর তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। অভিযোগ অনুযায়ী, ছবিতে রাবণকে (যশ) দরিদ্রদের ত্রাতা ও নারীদের রক্ষাকর্তা হিসেবে দেখিয়ে মহিমান্বিত করা হয়েছে। পাশাপাশি, রাক্ষসদের ভয়ে ভগবান রামকে পালিয়ে যেতে দেখানোর বিষয়েও আপত্তি তুলেছে তারা।

এছাড়া শূর্পণখার ঘটনা নিয়ে লক্ষ্মণকে সীতা বকাঝকা করছেন, এমন দৃশ্য দেখিয়ে সীতার চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনের দাবি, লক্ষ্মণকেও উদ্ধত ও বয়োজ্যেষ্ঠদের প্রতি অসম্মানজনক আচরণকারী হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি, কাহিনিতে কাল্পনিক অধ্যায় যোগ করার অভিযোগও তোলা হয়েছে, যার মধ্যে রাক্ষস খর ও দূষণের কাছে রামের ক্ষমা চাওয়ার মতো বিষয়ও রয়েছে।

আরও পড়ুন <<>> মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি

সংগঠনের ওই টুইটে অভিযোগের দাবিগুলোও তুলে ধরা হয়েছে। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ২৯৯ ও ১৯৬ ধারায় এফআইআর দায়ের, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, ছবির চিত্রনাট্য ও সংলাপের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং প্রমাণ হিসেবে সব আপত্তিকর দৃশ্য শনাক্ত ও নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে।

তবে এত বিতর্কের মাঝেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে ছবিটি। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১৯ দিনে ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৯৫৫.৪৫ কোটি রুপি। আর বিশ্বজুড়ে এর মোট আয় ১৭০০ কোটি রুপি ছাড়িয়েছে। 

ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং হনুমান চরিত্রে দেখা গেছে সানি দেওলকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়