ছবি: আপন দেশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে। পানির হিস্যা যাতে ন্যায্য থাকে তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি।
নাহিদ ইসলাম বলেন, আমরা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। সে সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বলেছি। এ ছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। আমরা সে কমিটি বাতিলের সুপারিশ করেছি।
আরও পড়ুন<<>>দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
এ লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে আমরা ০৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে। যেখানে পলাতক ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।
এনসিপির আহবায়ক বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহবান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসু হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































