ছবি : আপন দেশ
জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সবগুলো ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বিএসটিআই। অপরাধ প্রমানিত হওয়ায় পাঁচ মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে একটি অকটেন ও চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ থেকে ৫৩০ মিলিলিটার তেল কম দেয়ার প্রমাণ মিলে। এ ঘটনায় পৌর ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিটই বন্ধ করে প্রতিটির পরিমাপ দ্রুত সংশোধনের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানকালে পাঁচটি ডিসপেন্সিং ইউনিটের তেল সরবরাহের পরিমাণ যাচাই করা হয়। এতে অকটেনের ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৩০ মিলিলিটারের বেশি। ডিজেলের চারটি ইউনিটে যথাক্রমে ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটারের বেশি তেল কম পাওয়া যায়। প্রতিটি ক্ষেত্রেই ঘাটতি অনুমোদিত সহনীয় সীমা ৩০ মিলিলিটার অতিক্রম করে।
আরও পড়ুন <<>> জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
অভিযান চলাকালে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, প্রতিষ্ঠানটি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দৈনিক আনুমানিক ১ হাজার ৫০০ লিটার এবং অন্যান্য যানবাহন আনুমানিক ৫ হাজার লিটার অকটেন ও ডিজেল ক্রয় করে থাকে। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি বিক্রি হওয়া এ প্রতিষ্ঠানের পাঁচটি ইউনিটেই পরিমাপে ঘাটতি পাওয়ায় ক্রেতাদের আর্থিক ক্ষতির বিষয়টি সামনে আসে।
এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পাঁচটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দ্রুত প্রতিটি ইউনিটের পরিমাপ সঠিক করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত ও ভোক্তাস্বার্থ সুরক্ষায় বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































