Apan Desh | আপন দেশ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:২১, ১০ আগস্ট ২০২৬

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত

ছবি : সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৬ জন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই ও দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় স্থানীয় সময় রোববার (০৯ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

কারখানাটিতে ১৭ জন বাংলাদেশী প্রবাসী কাজ করতেন। তাদের মধ্যে আগুনে দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসরোধে ১৬ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশী কর্মী হাবিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সময় তিনি সেলুনে যাওয়ার জন্য বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার বিভিন্ন ইউনিয়নে। তাদের মধ্যে একই গ্রামের চারজন রয়েছেন। এছাড়া নাটোরের বাগমারা থানার দুজনও রয়েছেন বলে জানা গেছে।

নওগাঁর আত্রাইয়ে নিহত ১০ জন হলেন—বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪) , উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

অন্যদিকে, নাটোরের নলডাঙ্গায় মারা যাওয়া দুজন হলেন- উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর পাড়া গ্রামের রাব্বানীর ছেলে শুভ ও দীঘিরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে শামীম হোসেন।

আরও পড়ুন<<>>অবশেষে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় রাত ৮টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে রাত ১১টার দিকে মরদেহগুলো কিং সৌদ হাসপাতালের মর্গে নেয়া হয়। এসময় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন সায়েখ আফতাবউদ্দিন ফারুক।

তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত এ প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এ আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়