ছবি: আপন দেশ
মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী এসব কথা বলেন।
ডিআইজি বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। পুলিশের ওপর আস্থা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।
সাঁথিয়া থানার ওসি সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। সে বিষয়ে সাংবাদিকদের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হয়েছে। তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।
আরও পড়ুন<<>>কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী আহমেদ
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরবেন।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতা থাকা প্রয়োজন। রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।
সভায় উপস্থিত ছিলেন, পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান, প্রণব কুমার, সহকারি পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, আরজুমা আকতার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































