Apan Desh | আপন দেশ

অবশেষে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৯, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:০৩, ৯ আগস্ট ২০২৬

অবশেষে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

ছবি : আপন দেশ

অবশেষে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি ঢাকায় পৌঁছেছে।

রোববার (০৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান সূত্র জানায়, রোমে আটকে থাকা উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলীদল পাঠানো হয়। প্রকৌশলীদল ও যন্ত্রাংশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

রোমে পৌঁছানোর পর প্রকৌশলীরা বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনে কাজ শুরু করেন। মেরামত শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এর আগে শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে ছিল।

বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (০৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।

আরও পড়ুন : মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

উড়োজাহাজটি রোমে আটকে যাওয়ার পর সেখানে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও দেয়া হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়