ছবি : আপন দেশ
দলবাজ সাংবাদিকদের নিয়ে প্রশ্ন রেখেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, যে পেশায় বিশ্বাসযোগ্যতাই সম্পদ, সেখানে কীভাবে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবেন।
রোববার (০৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনি এসব কথা বলেন।
এ দিন দুপুরে ‘আমরা কি জানি কীভাবে শাসন পরিচালনা করতে হয়?’ শিরোনামের একটি পর্বে বক্তা ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
মাহফুজ আনাম বলেন, কে কোন রাজনৈতিক দলের সমর্থক, তার ভিত্তিতে দেশের চিকিৎসকেরাও এখন বিভক্ত। আরও অনেক পেশার মানুষ এভাবে বিভক্ত। সাংবাদিকতাও এর বাইরে নয়। আমাদের এখানে কেউ বিএনপিপন্থী সাংবাদিক, কেউ আওয়ামী লীগপন্থী, আবার কেউ জামায়াতপন্থী সাংবাদিক।
মাহফুজ আনাম প্রশ্ন করেন, কিন্তু একজন সাংবাদিক কীভাবে একই সঙ্গে কোনো দলপন্থী হতে পারেন? আপনার ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতেই পারে। আপনি অবশ্যই ভোট দেয়ার ক্ষেত্রে স্বাধীন। কিন্তু যে পেশায় বিশ্বাসযোগ্যতাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সেখানে আপনি কীভাবে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবেন। একই সঙ্গে আশা করবেন যে, আপনার বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন থাকবে?
আমলাতন্ত্র, পুলিশ, গোয়েন্দা সংস্থার পাশাপাশি সাংবিধানিক বা স্বাধীন প্রতিষ্ঠানগুলোতেও রাজনীতিকরণ বা রাজনৈতিক ব্যবহারের বাস্তবতা তুলে ধরেন মাহফুজ আনাম।
আরও পড়ুন <<>> তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়, তখন আমরা জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে সেটিকে উদ্যাপন করি। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাই, নির্বাচনের ফলাফল, অর্থাৎ জনগণের ইচ্ছা জনস্বার্থে রূপান্তরিত হওয়ার বদলে রাজনৈতিক বাস্তবতায় রূপ নেয়। পুরো সরকারব্যবস্থাকে নিজের দলের একটি সম্প্রসারণে পরিণত করা- এখান থেকেই পতনের শুরু। এর ফলাফল হয় দুর্নীতি, দলীয় পক্ষপাত, স্বজনপ্রীতি ও আনুকূল্য। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের পুরো শাসনব্যবস্থা ভেঙে পড়ে।
বক্তব্যের শুরুতে বৈশ্বিক পর্যায়ে শাসনব্যবস্থার ব্যর্থতা তুলে ধরেন মাহফুজ আনাম। এখন বিশ্বে যত যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একই সময়ে এত যুদ্ধ আগে কখনো দেখা যায়নি বলে জানান তিনি।
কোনো শক্তিশালী দেশ চাইলেই অন্য কোনো দেশে গিয়ে বোমা ফেলছে- এ বাস্তবতায় ছোট দেশগুলোর নাজুক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, যখন গোটা বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য আরও বেশি সম্পদ ব্যয় করা প্রয়োজন, এল নিনোর প্রভাব মোকাবিলায় আরও বেশি সম্পদ দরকার। সমুদ্রের ক্রমবর্ধমান তাপমাত্রা মোকাবিলায় আরও বেশি সম্পদ প্রয়োজন, সেসময়ে বিশ্ব সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে অস্ত্রশস্ত্রের পেছনে। সার্বভৌমত্বের ধারণাটি এখন অস্ত্রের মজুত ও সামরিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটি আত্মঘাতী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































