তৌফিক ইমরোজ খালিদী ও অনলাইন এডিটরস ফোরামের লোগো। ফাইল ছবি
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক, দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে অনলাইন এডিটরস ফোরাম। প্রয়াত তৌফিক ইমরোজ খালিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সংগঠনটি।
শুক্রবার (০২ অক্টোবর) ফোরামের আহবায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখারুজ্জামনের সই করা বার্তায় এ শোক প্রকাশ করা হয়। এদিনস্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
আরও পড়ুন<> সাংবাদিক তৌফিক ইমরোজের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক
শোক বার্তায় বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল- সাংবাদিকতার তিনটি মাধ্যমেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও অবদান ছিল উল্লেখযোগ্য।
অনলাইন সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজের অবদানের কথা উল্লেখ করে বলা হয়, ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশ, পেশাগত উৎকর্ষ এবং সার্বক্ষণিক সংবাদ প্রকাশের ধারাকে সুসংহত করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন<> সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
এর আগে তিনি দেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসিতে সাংবাদিকতা করেছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও দূরদর্শী সাংবাদিককে হারাল। বিশেষ করে দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে- বলেন শরিফুজ্জামান পিন্টু।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































