Apan Desh | আপন দেশ

জুলাই হত্যাকাণ্ডের বিচারে দাবিতে সাংবাদিকদের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:০৬, ৫ আগস্ট ২০২৬

জুলাই হত্যাকাণ্ডের বিচারে দাবিতে সাংবাদিকদের র‍্যালি

ছবি: আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা।

বুধবার (০৫ আগস্ট) ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দুই বছর পূর্তিতে র‍্যালি ও সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে র‍্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেয়া সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বললেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র, শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকদের গণছাঁটাই, ডিইউজের প্রতিবাদ

তিনি বলেন, আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। ওই সময় ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ সময় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার আগে আন্দোলন চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা এবং প্রায় ৩০ হাজার মানুষকে পঙ্গু করে দেয়া হয়েছে। ছয়জন সাংবাদিক নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে এক হাজার ৫০০ জন।

সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে এ সাংবাদিক নেতা বলেন, কোনো ধরনের আপস বা শৈথিল্য নয়, বরং হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় অর্থ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির প্রমুখ। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement