ছবি: আপন দেশ
৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে এই দিনটি আমাদের জাতীয় পরিচয়কে দিয়েছে সুস্পষ্ট ব্যঞ্জনা। ১৯৭১-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের গৌরব ছিনিয়ে নয়ে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ১৬ ডিসেম্বর থেকে ১৫ আগস্টের ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশের সত্যিকার সার্বভৌম অস্তিত্ব ছিল না। ১৫ আগস্ট সিঁড়ি বেয়ে এসেছিল ৭ নভেম্বর। এই ৭ নভেম্বরের সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ঘোষণা করল: আমরা একটি জাতি, আমরা স্বাধীন ও সার্বভৌম। অন্য রাষ্ট্রের আশ্রিত রাজ্য হবার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও অগণিত জনগণ আত্মাহুতি দেয়নি। বাংলাদেশের জনগণই হবে বাংলাদেশের ভাগ্যনিয়ন্তা।
'৭৫-এর ৭ নভেম্বরে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কর্ণধারে পরিণত হন। এর পূর্বে ৩ নভেম্বর মুষ্টিমেয় সেনাকর্মকর্তা ও ভিনদেশী চক্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৩ নভেম্বরে কুচক্রীদের অভ্যুত্থান পরবর্তী ঢাকার চিত্র আজও ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের প্রথম প্রহর পর্যন্ত যাদের সঙ্গেই আমার সাম্প্রদ হয়েছিল তারা প্রত্যেকেই ছিলেন অত্যন্ত উদ্বিগ্ন। রাজধানী ঢাকার প্রাণস্পন্দন থেমে গিয়েছিল। সকলেরই একই প্রশ্ন বাংলাদেশ কি আবার ভারতের গোলাম হয়ে গেল? গণতন্ত্রবিরোধী ফ্যাসিস্টরা কি আবার ক্ষমতায় ফিরে এসেছে? আবার কি দুর্ভিক্ষ অনাহার, কলাপাতা জড়িয়ে লাশ দাফন?
না। কুচক্রীদের সেই চক্রান্ত এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সৈনিক, জনতা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছিল। বন্দিদশা থেকে তারা মুক্ত করে আনল এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মানুষ জিয়াকে। জিয়াউর রহমান আমাদের জাতির দু’টি চরম ক্রান্তিলগ্নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। প্রথমবার '৭১-এর ২৬ মার্চ, যখন এদেশের জনগণের উপর পাকিস্তানি সামরিক বাহিনী চরম প্রতিশোধ গ্রহণের জন্য ঝাঁপিয়ে পড়েছিল-তাদের গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের সমুচিত জবাব না দিয়ে তথাকথিত মুক্তিযুদ্ধের ধারক বাহকরা ভারতের নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে হতবিহবল জাতিকে অভয়ের বাণী শোনালেন জিয়া। কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তার বলিষ্ঠ কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনতে পেয়ে সমগ্র জাতি আশ্বস্ত হয়েছিল। তারা জানল প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছে। জিয়া তাদের সঙ্গে আছেন।
জিয়া রাজনীতিক ছিলেন না। ছিলেন একজন সৈনিক। এদেশের জনগণ জিয়া নামে সেনাবাহিনীতে একজন মেজর পদের সৈনিক আছেন এ কথাটি জানত না। কিন্তু যে মানুষটির উপর সকলের অলক্ষ্যে ইতিহাস সুমহান দায়িত্ব নিয়তির মতো অর্পণ করে রেখেছে সেই মানুষটি সময়ের ডাকে সাড়া না দিয়ে পারেননি। এই অপরিচিত সামরিক অফিসারটির নাম মুহূর্তেই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের শহরে-বন্দরে, লোকালয় থেকে লোকালয়ে। মানুষের ঘরে ঘরে, মানুষের অন্তরে অন্তরে। ইতিহাসে কখনো কখনো এমন একটি মুহূর্ত আসে যখন কোন ব্যক্তির উচ্চারণ গোটা ইতিহাসটাকে অগ্রগতির নতুন ধাপে উত্তরণ ঘটায়। জিয়া ছিলেন তেমনি একটি মানুষ। সেদিন জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তা হলে সম্ভবত এদেশের ইতিহাস অন্যভাবে রচিত হতো ইতিহাসের বিবর্তনে নানা মানুষ নানা সময়ে তাদের ভূমিকা পালন করেন। কিন্তু চরম ক্রান্তিকালীন মুহূর্তের ভূমিকাটি হয় চূড়ান্ত পর্যায়ে নির্ধারক। জিয়া আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চরম সঙ্কট মুহূর্তের সেনাপতি ও পথপ্রদর্শক।
বাংলাদেশ রাষ্ট্রের আরেকটি সঙ্কট মুহূর্ত ছিল '৭৫-এর ৩ নভেম্বর। কিন্তু এই সময়টিতে জিয়ার কিছুই করার ছিল না। তিনি ছিলেন কুচক্রীদের হাতে বন্দী। ইতোমধ্যেই তিনি হয়ে উঠেছিলেন সমগ্র জাতীয় চৈতন্যের প্রতীক। তাঁকে কেন্দ্রবিন্দুতে রেখেই সংঘটিত হয়েছিল সিপাহি-জনতার অভ্যুত্থান। উপমহাদেশের ইতিহাসে ইংরেজ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে ১৮৫৭ সালে সংঘটিত হয়েছিল সিপাহিদের অভ্যুত্থান। ইংরেজ ঐতিহাসিকরা এই অভ্যুত্থানকে আখ্যায়িত করেছিল সিপাহি বিদ্রোহ হিসেবে। কারণ
তা ইংরেজ রাজশক্তির ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল। জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই অভ্যুত্থানকে সিপাহি বিপ্লব নামে নামকরণ করেছিলেন। শাসকের দৃষ্টিতে যেটি ছিল মিউটিনি (Mutiny) জনতার দৃষ্টিতে সেটি ছিল অভ্যুত্থান। দুর্ভাগ্যের বিষয়, ১৮৫৭'র সিপাহি অভ্যুত্থান সফল হয়নি। উপমহাদেশের ইতিহাসে দ্বিতীয় প্রধান সিপাহি অভ্যুত্থানটি ঘটেছিল বাংলাদেশে, '৭৫-এর ৭ নভেম্বর। সিপাহিদের সেই অভ্যুত্থান সফল হয়েছিল, পরাজিত হয়েছিল জাতিদ্রোহী রাষ্ট্রঘাতী শক্তি। '৭৫-এর ৭ নভেম্বরের সিপাহি বিপ্লবের সাফল্যের পেছনে ছিল তিনটি বিন্দু থেকে অঙ্কিত রেখার সার্থক সম্মিলনের ত্রিভুজ। এই ত্রিভুজের প্রথম বিন্দুতে ছিলেন এদেশের জনগণ। দ্বিতীয় বিন্দুতে এদেশের সাহসী সৈনিকেরা এবং তৃতীয় বিন্দুতে ছিলেন অন্তরীণ অবস্থায় নিক্ষিপ্ত কিন্তু সৈনিক ও জনতা এই উভয়ের ভরসার স্থল জিয়া।
৭ নভেম্বর আমাদের কি শিক্ষা দেয়? আমাদের যদি একজন খাঁটি দেশপ্রেমিক, সৎ ও সাহসী নেতা থাকেন, যদি থাকে একটি দেশপ্রেমিক সেনাবাহিনী, আর যদি থাকে সৈনিক ও জনতার দুর্ভেদ্য ঐক্য, তাহলে পৃথিবীর কোন আধিপত্যবাদী শক্তি আমাদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ছিনিয়ে নিতে পারবে না। ৭ নভেম্বেরের এই মহান শিক্ষাকে ভুলিয়ে দিতে বিগত দিনের তাঁবেদার সরকার জাতীয় জীবনের ক্যালেন্ডার থেকে এই দিবসটিকে মুছে ফেলতে চেয়েছিল। এই দিবস উদযাপন তারা বন্ধ করে দিয়েছিল। এই দিবসের তাৎপর্য চর্চাকে তারা কলঙ্কের কালিমায় কলঙ্কিত করতে চেয়েছিল। কিন্তু এদেশের জাগ্রত জনতা গত ১ অক্টোবরের নীবর ভোট বিপ্লবের মধ্য দিয়ে সিপাহি জনতার দেশপ্রেমিক অভ্যুত্থানের স্মারক এই দিবসটির মর্যাদাকে রক্ষা করেছে। কিন্তু ভোটবিপ্লবের একটি বিজয়ের মধ্য দিয়েই ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যকে রক্ষা করা যাবে না। আমরা যদি বিভেদের পথ পরিহার করে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে না পারি, আমাদের জাতীয় পরিচয়কে সুনির্দিষ্টভাবে তুলে ধরতে না পারি এবং বাংলাদেশের মৃত্তিকার গহ্বরে ও তার বহির্দেশে যেসব সম্পদ আছে তাকে রক্ষা করতে না পারি; দোদুল্যমানতা, ভীরুতা, কাপুরুষতা ও বিদেশনির্ভরতা যদি আমাদের গ্রাস করে তাহলে ৭ নভেম্বর পালন পরিণত হবে নিছক আনুষ্ঠানিকতায়, তাৎপর্যহীনতায় ও শঠতায়।
লেখক: জাতীয় অধ্যাপক
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































