Apan Desh | আপন দেশ

খুলনায় আ.লীগের দুই নেতাকে গণপিটুনি

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৯, ২২ নভেম্বর ২০২৬

খুলনায় আ.লীগের দুই নেতাকে গণপিটুনি

প্রতীকী ছবি

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও নগরীর ফুলবাড়ী গেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে। আহত ওই নেতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ সভেম্বর) বিকেল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। রূপসা উপজেলার সেনেরবাজার এবং নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ী গেট এলাকায় এসব ঘটনা ঘটে।

রূপসায় গণপিটুনির শিকার হন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মনির মাস্টারকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ তাকে রূপসা থানায় নিয়ে যায়।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে তার দোকান থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

রূপসা থানার ওসি মো. মাসুম খান বলেন, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন <<>> শিশুকে বাঁচাতে হুইপ দুলুর মানবিক উদ্যোগ

এদিকে একই দিন সন্ধ্যায় ফুলবাড়ী গেটের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এ জন্য এটিএম লাইসুজ্জামান (৫০) নামে এক নেতাকে মারধর করেন স্থানীয় লোকজন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাঁচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাশকতার প্রস্তুতির সন্দেহে লাইসুজ্জামানকে আটক করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ককটেল তৈরির সময় কাউকে আটকের বিষয়ে আমি কিছু জানি না। লাইসুজ্জামানকে ঘিরে কী ঘটেছে, সে সম্পর্কেও আমাকে বিস্তারিত জানানো হয়নি। যতটুকু জানি, ওই ব্যক্তি দোকানে ছিলেন।

ওসি আরও বলেন, মিরাজ নামে একজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ, তা বিস্তারিত জানাননি তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: