Apan Desh | আপন দেশ

‘ম্যায় অর মেরি তানহাই...’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৯, ২২ নভেম্বর ২০২৬

‘ম্যায় অর মেরি তানহাই...’

ছবি: আপন দেশ

মাঠ পেরোলেই পৌঁছে যাবো বাড়ি- ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে পেরিয়ে গেলাম বুনোফুলের ঝোপ, ঘুঘু ফড়িং বক, পেরিয়ে গেলাম বৃষ্টি বাদল, বাণের জলে উপচে পড়া নদী, পেরিয়ে গেলাম কুয়াশাময় ঝরা পাতার বন, আমনগন্ধী সোনালি রঙ জমিন, পেরিয়ে গেলাম হেমন্তলীন বিষণ্ণতার বিকেল।

জোছনাময় কবিতাময় লোনাজলের রাত, পেরিয়ে গেলাম পথের মোড়ের আপনলাগা হাসি, কোথাও কারও করতলের একটু মিঠে ওম, ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে পেরিয়ে গেলাম বুঝি যেন একশ মন্বন্তর। কিন্তু কোথায় বাড়ি, কোথায় আমার ঘর?

দিগন্তে যেমন পৌঁছানো যায় না কোনোদিন, তেমনি কোনদিন পৌঁছাতে পারিনি ঘরে, ঘর ভেবেছি যেই সীমানায়, অনন্তকাল অজস্র পথ পেরিয়ে দেখি ঘর সরে যায় অসীমতম দূরে। কে বেশি একা? যাদের ঘর নেই, ঘর হয় না কোনোদিন নাকি যাদের ঘর আছে অথচ ঘরে ফেরা হয় না কোনোদিন!

একাকীত্বের করুণতম সংজ্ঞাটা অবশ্য প্রিয় কবি আবুল হাসান আগেই লিখে গেছেন- ‘অবশেষে জেনেছি মানুষ একা/ জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!’ যে নিঃসঙ্গ নয়, জীবনের সমুদ্র সফেন চারিদিকে যার, সেও কি কখনো কখনো একা বোধ করে না? হয়তো যেমনটা বোধ করেছিলো আট বছর আগের একদিন কবিতার সেই মৃত মানুষ।

একটা মানুষ হয়তো আরেকটা মানুষকে সঙ্গ দিতে পারে, কিন্তু কেউ কি কারও অন্তর্গত একাকীত্ব দূর করতে পারে? নৈকট্যই যদি নৈঃসঙ্গকে দূর করতে পারতো তাহলে কখনো কখনো প্রিয় মানুষের বুকে মাথা রেখেও আমরা কেন একলা বোধ করি? এক পৃথিবী লোকের ভিড়েও একলা বোধ করা মানুষদের কথা লিখে গেছেন হেলাল হাফিজ- ‘মানুষের কাছে এসে নতুন মুদ্রায় আমি নির্জন হলাম/ একাই ছিলাম আমি পুনরায় একলা হলাম।’ রুদ্রকেই বা বাদ দেই কেন- ‘হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ/ তবু যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন/একদিন যে যার নিসঙ্গতার কাছে।’ 

নচিকেতাও তাই গেয়ে ওঠেন সৃষ্টির সেই আদিম সত্য-

‘একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়...’

হেমন্তের এমন বিষাদমাখা দিনে, বিশেষত স্বল্পদৈর্ঘ্যের এমন মেলানকোলিক বিকেলে, বুকে হিম ধরানো ‘November rain’ এর এমন দিনে, কফি কাপে একা ঠোঁট ছোঁয়ানো দিনে, চোখের পাতা ভার করা নস্টালজিয়ার এমন দিনে আমাদের ক্ষতি হয়। একা থাকার কিছু নিয়মনীতি আছে। একলা থাকার নাজুক সময়ে নাম জানা-অজানা অনুভূতিরা হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়।

আরও পড়ুন<<>> ৭ নভেম্বরের শিক্ষা

তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো- এসব প্রশ্রয় দেওয়া যাবে না। প্রশ্রয় দিলেই সর্বনাশ, চোখের জলে নাকের জলে একাকার, বুকের মাঝে পাঁজরভাঙা কষ্টরা বেশুমার, প্রশ্রয় দিলেই শিরে সংক্রান্তি। কাজ কর্মে মন না বসার বিলাসিতা জীবনে আর নেই তাই একলা থাকার দিনগুলিতে হৃদয়ের উপর ১৪৪ ধারা জারি রাখতে হয়। অথচ এমনসব হেমন্ত-বৃষ্টির যুগলবন্দী দিনে সকল নিয়মনীতি ভেঙে পড়ে। তখন জুলুম হয়ে যায়, আমাদের বড় ক্ষতি হয়ে যায়।

নভেম্বরে এমন বৃষ্টির কারণ ডিপ্রেশন, মানে ‘নিম্নচাপ’। কিন্তু শ্রীজাতের মতো আমাদের অবুঝ হৃদয়ও ডিপ্রেশনের একটাই মানে বোঝে- ‘মন খারাপ’। আমরা যারা একলা থাকি এমন ডিপ্রেশনকে আমাদের অভ্যাসের খাতায় যোগ করতে হয়। একাকীত্ব নেশার মতন। যার একবার একলা থাকার অভ্যাস হয়, একা থাকার ভালনারিবিলিটি যার সয়ে যায়, সে এক ভিড় মানুষের মাঝে আর শান্তি পায় না, নিজেকে লাগতে থাকে অপাঙক্তেয়।

নির্জনতা যেন সর্বোচ্চ স্বস্তি, নির্লিপ্ততা যেন তার দুখের ক্যামোফ্লাজ। একলা থাকা মানুষ শিখে যায় কিভাবে দুঃখকে যাপন নয়, উদযাপন করতে হয়। এইভাবে যদিও একাকীত্বকে তারিয়ে তারিয়ে উপভোগ করতে শিখি আমরা, তবুও একটা লম্বা সময় পর একদিন দেখতে পাই, আমাদের একাকীত্ব, আমাদের নৈসঃঙ্গ, আমাদের তানহাই ভিতর থেকে আমাদেরকে কি ভীষণভাবে ঘুন পোকার মতো খেয়ে ফেলেছে। একাকীত্ব যেন এমনই ব্যাধি নিরাময় অসম্ভব যার!

কত প্রিয়জন, কত প্রিয় শহর, কত প্রিয় মুহূর্ত বিসর্জন দিতে দিতে- এই একলা থাকা একসময় সয়ে যায়, তা কেবল হৃদয় জানে। প্রার্থনা করি, আমাদের বুকের ভেতর জমে থাকা বিসর্জনের ব্যথার বিসর্জন হোক একদিন। এমনসব হিমের দিনে আরাধ্য কারো ওম খুঁজে পাক জীবন। একাকীত্বের অবসান হোক। ‘Cause nothin' lasts forever, even cold November rain...’

লেখক: নাঈমা জাহান সাইমা

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়