ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক সহনশীলতা দিবস সোমবার (১৬ নভেম্বর)। বিশ্বজুড়ে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও মানুষে মানুষে সম্প্রীতি গড়ে তোলাই এ দিবসের মূল লক্ষ্য।
১৯৯৫ সালে ইউনেসকো সদস্য দেশগুলো ‘সহনশীলতার নীতিমালা’ গ্রহণ করে।
এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে।
পরবর্তী সময়ে ১৯৯৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
সহনশীলতা বলতে শুধু অন্যের মতামত মেনে নেয়াকে বোঝায় না; বরং ভিন্ন মত, বিশ্বাস, সংস্কৃতি ও জীবনধারার প্রতি সম্মান দেখানো।
আরও পড়ুন <> আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি করাও এর অন্তর্ভুক্ত। একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সহনশীলতার বিকল্প নেই।
বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত, ধর্মীয় উগ্রবাদ, বর্ণবাদ, বিদ্বেষ ও সামাজিক বিভাজন ক্রমেই বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিন্নমতকে কেন্দ্র করে ঘৃণা ও অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ছে। এমন বাস্তবতায় সহনশীলতার চর্চা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে সহনশীলতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই অন্যের মতামতকে সম্মান করা, ভিন্নতাকে গ্রহণ করা এবং মানবিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।
আন্তর্জাতিক সহনশীলতা দিবস আমাদের মনে করিয়ে দেয়, মত ও পথের ভিন্নতা বিভেদের কারণ নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে বৈচিত্র্যই হতে পারে শক্তির উৎস।
সহনশীলতার চর্চাই পারে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব গড়ে তুলতে।
আপন দেশ/এমটিআই




































