Apan Desh | আপন দেশ

কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৪, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ০৮:৫৭, ১১ অক্টোবর ২০২৬

কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি যোদ্ধাদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) এক বিবৃতিতে জেনারেল অথরিটি অভ সিভিল এভিয়েশন (জিএসসিএ) জানিয়েছে, শনিবার গভীর রাতের ওই হামলায় চারজন সৌদি, দুজন বাংলাদেশি, একজন মার্কিন, একজন মিশরীয়, একজন জর্ডানি, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন সুদানি নাগরিক নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। 

হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

প্লেন চলাচলবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রিয়াদ বিমানবন্দরের অন্তত ২৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে এয়ার ইন্ডিয়া, ফ্লাইদুবাই, লুফথানসা গ্রুপ ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসসহ কয়েকটি বিমান সংস্থা রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করেছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

আরও পড়ুন<<>>ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় বড় আঘাত হেনেছে। রিয়াদকে বৈশ্বিক ভ্রমণ ও ব্যবসার কেন্দ্রে পরিণত করতে চান তিনি। 

এসব হামলায় আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন। তার দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আল-বুখাইতি বলেন, হুথিরা এ হামলা চালিয়েছে যেন বিশ্ব বুঝতে পারে ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিয়ের অনুষ্ঠান ও শোকসভার হল, হাসপাতাল এবং বাজার বেসামরিক স্থাপনায় হামলা চালানো বা ক্ষতি করা উচিত নয়। ইয়েমেনের এসব স্থাপনার ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, বিশ্বের অন্য কোথাও একই ধরনের স্থাপনার ক্ষেত্রেও সে নিয়ম প্রযোজ্য হতে হবে।

হামলার বিষয়ে সৌদি আরবের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে দ্য নিউইয়র্ক টাইমস-এর একজন প্রতিবেদক বিমানবন্দরের দিকে অন্তত ছয়টি অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন। এ সময় পুলিশ বিমানবন্দরে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়