নাহিদ রানা। ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। চোটের কারণে দীর্ঘদিন ধরেই তিনি মাঠের বাইরে। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফেরার প্রস্তুতিকালে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগছিলেন তিনি। ডেঙ্গু পজিটিভ হওয়ায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ পেসার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে অ্যাডমিন পরিচয়ে জানানো হয়, গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর হাসপাতালে ভর্তি হন নাহিদ রানা। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সবার দোয়া ও ভালোবাসা কাম্য।
আরও পড়ুন <<>> টিভিতে আজকের যত খেলা
গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন নাহিদ। এর আগে থেকেই তার শিনে (পায়ের সামনের হাড়ে) সমস্যাও ছিল। চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমসসহ একাধিক সিরিজে খেলা হয়নি তার। পুনর্বাসনের মধ্যে কোমরের নিচের অংশ ও হিপ জয়েন্টে ব্যথা অনুভব করায় দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাকে।
অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন নাহিদ। এরপর পূর্ণ গতিতে বোলিংও শুরু করেন। তবে ম্যাচ খেলার মতো পুরোপুরি প্রস্তুত হতে আরও কিছুটা সময় প্রয়োজন ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা থাকলেও সতর্কতার কারণে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তার মাঠে ফেরার পরিকল্পনায় আবারও বাধা তৈরি হলো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































