Apan Desh | আপন দেশ

মিশরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, নিহত ৩০

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১১, ২৬ নভেম্বর ২০২৬

মিশরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, নিহত ৩০

ছবি : সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বেশ কয়েকটি যানবাহনও পুড়ে যায়। 

কায়রোর বৃহত্তর সড়ক যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। গিজা গভর্নরেটের ইমবাবা জেলার ওয়ারাক এলাকায় একটি সুড়ঙ্গের ওপর আগুনের সূত্রপাত হয়। এই রিং রোডটি কায়রো, গিজা ও কালিউবিয়া গভর্নরেটের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের বিভাজকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে গেলে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

এতে সড়কে থাকা অন্যান্য যানবাহনও আগুনের কবলে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয়। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।

আরও পড়ুন <> বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প

পরে আহতদের উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলি। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার জন্য তাদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ২৭টি যানবাহন পুড়ে গেছে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

দেশটির প্রেসিডেন্টের সরকারি মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট।

মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

তবে কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংগ্রহের কাজও অব্যাহত রয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো