ছবি: আপন দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।
পরপর দুটি হামলার চেষ্টা হয়। তারপরও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি করে সংগঠনটি।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব সৈয়দ নাজিফা নাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, প্রধান ফটকের সিসিটিভি ক্যামেরা নষ্ট। প্রশাসনের গাফিলতি ও আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করা হয়। এসবের তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।
পাশাপাশি সংবাদে ‘দুর্বৃত্ত’ শব্দের পরিবর্তে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম উল্লেখ করে অপরাধীদের পরিচয় স্পষ্ট করার আহবান জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি আহবায়ক নিলয় বড়ুয়া বলেন, পরপর দুইবার কুবির ওপর সন্ত্রাসী লীগ হামলার চেষ্টা করেছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই আজকের এ পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো পদক্ষেপ না নিয়ে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এ প্রশাসন। অবশ্যই এর ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন <<>> নতুন পাঠ্যবই ২৫ ডিসেম্বরের মধ্যে বিতরণের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন প্রক্টর বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি আগামী পর্শুর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ৬ থেকে ৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া পুলিশের কাছে সার্বক্ষণিক দুটি টহল দল টিম দেয়ার জন্য কথা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবহিত করে। পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































