ফাইল ছবি
রাজধানীর আরও পাঁচটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করলেও আটক করতে পারেননি।
আরও পড়ুন <<>> সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাচ্ছে প্রতারক চক্র
অন্যদিকে রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পাঁচটি ঘটনার মধ্যে হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করা ছাড়া অন্য ঘটনাগুলোতে জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































