Apan Desh | আপন দেশ

অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৯, ২৭ নভেম্বর ২০২৬

অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দেশীয় তৈরি বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে ফাঁসানো হয়েছে। এ অভিযোগ তুলেছেন তার স্বজনেরা।

স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। পরে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তারা চলে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনে কারও কল আসে। এরপর পুলিশ ফিরে এসে ঘরের বাইরে থাকা একটি টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। পরে সেটি সহেলের বলে দাবি করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় কড়িম উদ্দিন মোল্লা বাড়িতে সংবাদ সম্মেলন হয়। এসব অভিযোগ করেন বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার ও বোন দিলরোজ বেগম হাসি।

তবে এসব অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বলেন, অস্ত্র উদ্ধারসহ সহেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি কারাগারে আছেন। মামলাটির তদন্ত চলছে। অভিযোগ অনেক ধরনেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না, তা তদন্ত শেষে বলা যাবে। পুলিশ চলে যাওয়ার পর আবার ফিরে আসা এবং মোবাইল ফোনে কল পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তদন্ত চলমান বলে জানান।

ভুক্তভোগী সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। তিনি কড়িম উদ্দিন মোল্লা বাড়ির অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের ছেলে।

সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার জানান, ২৩ নভেম্বর রাতে দুই সন্তানসহ ঘরে ঘুমিয়ে ছিলেন সহেল ও তার স্ত্রী আয়েশা। রাতে পুলিশ এসে দরজা খোলার জন্য চাপ দেয়। পুলিশের ডাকাডাকিতে তারা কোনোভাবেই দরজা খুলছিলেন না। পরে পাশের ঘর থেকে সহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চান। পুলিশ ঘর তল্লাশি করবে বলে জানায়। তবে তল্লাশির কারণ জানতে চাইলে তারা কিছু বলেনি।

আরও পড়ুন <<>> জমি বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

পরে ফাতেমার আশ্বাসে সহেল দরজা খোলেন। পুলিশ ঘর তল্লাশি করে কিছু না পেয়ে উপস্থিত সবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনে কল আসে। এরপর তারা ফিরে এসে ঘরের পূর্ব পাশে বাইরে থাকা টয়লেটের ছাদ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। বন্দুকটি সহেলের বলে দাবি করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এসব ঘটনায় পুলিশের সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।

সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়। সে কখনো কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।

সহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, সহেলের সঙ্গে কয়েকজনের জমি নিয়ে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। পুলিশ চলে যাচ্ছিল। পরে মোবাইল ফোনে কল পেয়ে ফিরে এসে টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগে থেকেই সেখানে বন্দুকটি রেখে পুলিশকে তথ্য দিয়ে সহেলকে ফাঁসিয়ে দিয়েছে বলে তার ধারণা।

সহেলের জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি বলেন, তার ভাইকে ফাঁসানো হয়েছে। যাওয়ার সময় সহেল তাকে জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানান, সহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচার-আচরণে কখনো খারাপ কিছু দেখা যায়নি। যে কোনো কারণে তাকে ফাঁসানো হয়েছে বলে তাদের দাবি। তারা ঘটনাটির অধিকতর তদন্তের দাবি জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়