Apan Desh | আপন দেশ

দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৯, ৪ অক্টোবর ২০২৬

দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র 

ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। 

ওই মার্কিন কর্মকর্তা জানান, সাধারণ পরিষদের অধিবেশন শেষে ইরানি প্রতিনিধিদলের ওই দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর। 

তবে তারা সে নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করেন। স্থানীয় সময় শুক্রবার (০২ অক্টোবর) তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর ওয়াশিংটন পুনরায় তাদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়। পরে একজন শুক্রবার রাতেই এবং অন্যজন শনিবার সকালে দেশটি ছেড়ে যান।

তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এ দাবি নিয়ে আপত্তি জানানো হয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী, তাদের প্রতিনিধিদলের সদস্যরা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ছেড়েছেন এবং এ বিষয়ে আগে থেকেই মার্কিন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর জন্য একাধিক সুযোগ দিয়েছেন। তবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন<<>>হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

হরমুজ প্রণালি নিয়ে হেগসেথ বলেন, তেহরান এ গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ দাবি করলেও এর কার্যকর নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তিনি মার্কিন অবরোধ কার্যকর রয়েছে বলেও দাবি করেন।

এর মধ্যেই হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার প্রণালিতে একটি তেলবাহী জাহাজে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

একই সময়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, কেশম দ্বীপের আকাশসীমায় একটি ‘শত্রুভাবাপন্ন’ নজরদারি বিমান শনাক্ত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিতে আঘাত হেনেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়