ছবি : সংগৃহীত
ইসরায়েলের তৈরি অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র কিনছে কাতার ও সৌদি আরব। এ খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’।
গণমাধ্যমটি জানিয়েছে, এ বিক্রয়কৃত সরঞ্জামের মধ্যে এফ-১৫ যুদ্ধবিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড যুদ্ধ হেলমেট এবং বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরব কিংবা কাতার—কারও সাথেই ইসরায়েলের কোনো কূটনৈতিক বা প্রতিরক্ষা সম্পর্ক নেই। এমন পরিস্থিতিতে এ গোপন অস্ত্র বাণিজ্যের খবর আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, কাতারের রাজপরিবারের ১১টি বিমানের মধ্যে তিনটিতে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি বিশেষ ‘সি-মিউজিক’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে।
জনসমক্ষে আসা বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০-২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে যখন বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, ঠিক তখনই এ অত্যাধুনিক ব্যবস্থাগুলো যুক্ত করা হয়।
এছাড়া ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের এফ-১৫ কিউএ আবাবিল যুদ্ধবিমান কেনার চুক্তির নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো প্রায় ১৫-২৫ কোটি ডলারের উপ-চুক্তি বা সাব-কন্ট্রাক্ট জিতেছিল। এ চুক্তির আওতায় কাতারি যুদ্ধবিমানের জন্য প্রতিটির মূল্য প্রায় ২ লাখ ডলার মূল্যের ১৬০টি জেএইচএমসিএস কম্পিউটারাইজড হেলমেট এবং এএন/এভিএস-৯ নাইট ভিশন চশমা সরবরাহ করা হয়।
একইভাবে সৌদি আরবের কাছেও ইসরায়েলি প্রযুক্তি পৌঁছানোর প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। মার্কিন প্রতিরক্ষা দফতরের ২০১০ সালের একটি বিবৃতি উল্লেখ করে বলা হয়েছে, বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবের কাছে এফ-১৫ এসএ যুদ্ধবিমান বিক্রির চুক্তির অংশ হিসেবে রিয়াদকে ৪৬২টি জেএইচএমসিএস হেলমেট এবং সমসংখ্যক নাইট ভিশন চশমা দেয়া হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, সৌদি বিমানবাহিনী বর্তমানে এ হেলমেটগুলো ব্যবহার করছে।
আরও পড়ুন <<>> ‘ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না’
এদিকে কাতারের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকলেও, দেশটির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বৃত্তের কিছু সদস্যের গোপন সংযোগের অভিযোগ রয়েছে, যা বর্তমানে ‘কাতারগেট’ কেলেঙ্কারি নামে পরিচিত। এ রাজনৈতিক বিতর্কের মধ্যেই নতুন করে দুই প্রভাবশালী আরব দেশের কাছে ইসরায়েলি যুদ্ধাস্ত্র বিক্রির এ চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































