ফাইল ছবি, আপন দেশ
রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন ও ঢাবির চার স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বলে জানা গেছে। অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার এসআই দেবাশিস রায়। তিনি জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।
একই সময় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ৪ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করা হয়।
আরও পড়ুন<<>>এসআরবির নতুন ডিজি দায়িত্ব নিলেন
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর, নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এবং টিএসসি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর মধ্যে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসিতে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যে শাহবাগ থানা-পুলিশকে খবর দেয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































