ছবি: আপন দেশ
জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে আটক ১৯ আসামিকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্কেলপুর আমলী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে আক্কেলপুর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মামলা সুত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন<<>>লুট হওয়া আরও ২৯০ বস্তা সার ফেরত, ডিলারের জরিমানা
আটককৃতরা হলেন, আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এছাড়া একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরী রয়েছে।
এ ঘটনায় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































