Apan Desh | আপন দেশ

ফারহান ম্যাজিকে মুগ্ধ ডুলি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৮, ১১ নভেম্বর ২০২৬

ফারহান ম্যাজিকে মুগ্ধ ডুলি

ছবি: আপন দেশ

সাফ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই কোচ থমাস ডুলির কণ্ঠেও ঝরে পড়ল তৃপ্তির সুর।

বুধবার (১১ নভেম্বর) শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ ডুলি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

থমাস ডুলি বলেন, সামগ্রিকভাবে ফলাফল এবং আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুবই খুশি। আমরা ঠিক যেভাবে খেলতে চেয়েছিলাম, পরিকল্পনাটা মাঠের ফুটবলে সেভাবেই ফুটে উঠেছে। আমরা বল সচল রেখে আক্রমণভাগে বিপজ্জনক হতে চেয়েছিলাম, আর ছেলেরা সেটাই করেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রক্ষণ সামলানোই যার মূল কাজ, লাল-সবুজ জার্সিতে এদিন সে হামজাকেই নতুন ভূমিকায় দেখেছেন দর্শক। ১০ নম্বর পজিশনে খেলিয়ে রীতিমতো বাজিমাত করেছেন কোচ।

বিরতির পর অধিনায়কের আর্মব্যান্ড হাতে পেয়ে যেন নিজেকে আরও ছাড়িয়ে গেছেন তিনি। এ কৌশলগত চমক নিয়ে থমাস ডুলি বলেন, আমি আশা করছিলাম, ১০ নম্বর পজিশনে তার উপস্থিতির কারণে প্রতিপক্ষ তাকে নিয়ে একটু বেশি সতর্ক থাকবে। হামজা যখন বক্সে ঢুকে পড়ে, তখন সে আমাদের জন্য সত্যিই এক ভয়ংকর খেলোয়াড় হয়ে ওঠে। আর অধিনায়ক হিসেবে হামজার চেয়ে ভালো আর কেউ নেই, এ নিয়ে কোনো সন্দেহই নেই। সে একমাত্র ব্যক্তি, যে রেফারির সঙ্গে কথা বলতে পারে। মাঠে এমন একজন নেতার উপস্থিতি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

গোলের জন্য হাহাকার করা দলটি এদিন লঙ্কানদের জালে বল জড়িয়েছে চারবার। তবে ফারহান আলী ওয়াহিদের জাদুকরী ড্রিবলিং আর দুর্দান্ত ফিনিশিং নিয়ে মুগ্ধতা লুকাতে পারেননি কোচ।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা টেনে ডুলি বলেন, যেভাবে সে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ ছিল। এরপর শট নেয়াটাও খুব কঠিন ছিল। নিঃসন্দেহে এটি আমার দেখা অন্যতম সেরা গোল।

আরও পড়ুন <<>> সাফ চ্যাম্পিয়নশিপে লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

আক্রমণভাগের এমন আগ্রাসনের দিনে রক্ষণভাগও ছিল নিশ্ছিদ্র এক প্রাচীর। কোচের ভাষায়, রক্ষণভাগ একেবারেই নিখুঁত ছিল। গোলরক্ষক থেকে শুরু করে মাঠের প্রত্যেককে নিয়ে আমি ভীষণ নির্ভার বোধ করছিলাম। আমরা এখানকার মানুষকে গর্বিত করতে চেয়েছিলাম এবং একটি সুন্দর রাত উপহার দিতে চেয়েছিলাম। আমার মনে হয়, আমরা সেটাই করেছি।

তবে এমন এক মোহনীয় জয়ের রাতেও ডাগআউটে কিছুটা অস্বস্তির হাওয়া বইছে চোটের কারণে। দলের দুই ফুটবলার চোটে পড়ায় আগামী ম্যাচগুলোর সমীকরণ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে থমাস ডুলিকে। 
তারপরও আত্মবিশ্বাসের পারদ এখন বেশ ওপরে। আধুনিক ফুটবলের স্ক্যানিং কৌশলের ওপর জোর দিয়ে ডুলি বলেন, রাতারাতি জাদুকরী কিছু হয় না, এটি পুরোপুরি একটি প্রক্রিয়া। বল পাওয়ার আগেই মাঠ স্ক্যান করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কম ফুটবল খেলে শুধু বলের পেছনে ছুটতে চাই না। আজ কী চমৎকার একটি ম্যাচ আমরা খেললাম! এখান থেকেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়