Apan Desh | আপন দেশ

ক্যারিবীয় পাহাড় টপকাতে হবে টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৩, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৫৪, ৯ নভেম্বর ২০২৬

ক্যারিবীয় পাহাড় টপকাতে হবে টাইগারদের

ছবি: সংগ্রহীত

ঢাকা টেস্টে হেরে পিছিয়ে থাকায় সিলেটে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন সমীকরণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁরে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে সমতা ফেরাতে সোমবার (০৯ নভেম্বর) পঞ্চম ও শেষ দিনে স্বাগতিকদের করতে হবে ৩৬৯ রান।

সোমবার সকালে ১০ ওভার ব্যাট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। ম্যাচ জিততে ৭৮ ওভারে বাংলাদেশের প্রয়োজন ৩৬৯ রান। লক্ষ্য পূরণ করতে রীতিমত রেকর্ড করতে হবে টাইগারদের।

দিনের শুরুতে ক্যারিবীয়দের পরিকল্পনায় কিছুটা ধাক্কা দিয়েছিল বাংলাদেশের বোলাররা। আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজকে দিনের শুরুতেই ফিরিয়ে দেন নাঈম হাসান। ১৯৪ বলে ১৪২ রানের ইনিংস খেলা এ ব্যাটসম্যানের বিদায়ে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। এরপর দ্রুত ফিরে যান জাস্টিন গ্রিভস ও শামার জোসেফ। মেহেদী হাসান মিরাজ ও নাঈমের আঘাতে ৩৭২ রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে এখানেই থামেনি সফরকারীদের রান তোলার চেষ্টা। শেষ দিকে আমির জাঙ্গু ও জশুয়া বিশপের ব্যাটে দ্রুত রান যোগ হয় স্কোরবোর্ডে। ৭৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন জাঙ্গু। অন্যদিকে মাত্র ১১ বলের ঝোড়ো ইনিংসে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২০ রান করেন বিশপ। শেষ ১০ ওভারে ৫৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রস্টন চেইস।

প্রথম ইনিংসে বাংলাদেশের কাছে ৩০ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ম্যাচের চিত্র পাল্টে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৫৬ রান। বাংলাদেশ জবাবে করেছিল ৩৮৬। দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রান করায় ক্যারিবীয়দের মোট লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান।

আরও পড়ুন<<>>বাংলাদেশের হতাশায় শেষ হলো চতুর্থ দিনের খেলা

এখন বাংলাদেশের সামনে দুটি পথ-ব্যাট হাতে অসাধারণ কিছু করে জয় তুলে নেয়া, অথবা ক্যারিবীয় বোলারদের সামলে ম্যাচ বাঁচানোর চেষ্টা করা। তবে পরিসংখ্যান বলছে, কাজটি মোটেও সহজ হবে না। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫ রান। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সে জয় পেয়েছিল টাইগাররা। এরপর আর ২০০ রানের বেশি লক্ষ্য পেরিয়ে জিততে পারেনি বাংলাদেশ।

সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এবার ৩৬৯ রানের লক্ষ্য। ব্যবধানটা শুধু সংখ্যার নয়, বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়ার চ্যালেঞ্জও এটি। অন্যদিকে ক্যারিবীয়দের প্রয়োজন মাত্র ১০ উইকেট। 

সিলেটের শেষ দিনে তাই লড়াইটা শুধু দুই দলের নয়, বাংলাদেশের সামর্থ্য ও ইতিহাসের সঙ্গেও। অসম্ভবকে সম্ভব করার গল্প লিখতে পারবেন কি মুশফিক-শান্তরা, নাকি ক্যারিবীয়দের জয়োল্লাসেই শেষ হবে টেস্ট? উত্তর মিলবে শেষ দিনের ব্যাট-বলের লড়াইয়ে!

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়