ছবি: আপন দেশ
সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (০৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৮৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন <<>> মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২৩ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৫ হাজার ৩৮৩ জন।
আপন দেশ/এসএস





































