ছবি: আপন দেশ
ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তিন পয়েন্ট মিললেও সে পারফরম্যান্সে দাপটের ছাপ ছিল না, ছিল কিছু অপূর্ণতা। শ্রীলঙ্কার বিপক্ষে সেসবের জবাব যেন এক ম্যাচেই দিয়ে দিলেন হামজা চৌধুরীরা।
হামজা ও ফারহান আলী ওয়াহিদ যোগ দেয়ায় বদলে যাওয়া বাংলাদেশ মাঠে নামল অন্য এক রূপে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠল স্বাগতিকরা।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে এদিন যেন পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের ফুটবল-উৎসব। গ্যালারিজুড়ে সমর্থকদের গগনবিদারী চিৎকার, মাঠে ফুটবলারদের একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণের নান্দনিক মুহূর্ত। শামিত সোমের গোলে শুরু, অধিনায়ক হামজার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ানো, ফারহান আলী ওয়াহিদের একক নৈপুণ্যে করা জাদুকরী গোল, আর রাকিব হোসেনের শেষের মুগ্ধতা ছড়ানো লক্ষ্যভেদ, সব মিলিয়ে দর্শকদের মনে রাখার মতো এক রাত উপহার দিয়েছে বাংলাদেশ দলের ফুটবলাররা।
শুধু জয় নয়, পারফরম্যান্স দিয়েও এদিন মুগ্ধতা ছড়িয়েছে পুরো দল। এ জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্সআপ পাকিস্তান।
ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। তবে পাঁচজনের দেয়াল টপকে হামজার নেয়া শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। তিন মিনিট পর হোসাইনের ক্রস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ফারহান আলী ওয়াহিদ; কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শট নেয়া হয়নি তার।
অষ্টম মিনিটে আর অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ডান দিক থেকে আসা ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন শামিত সোম। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
গোল পাওয়ার পরও ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে শট নেন হামজা। তবে লক্ষ্যভ্রষ্ট হয় সেটি। এর আগে হোসাইনের আরেকটি ক্রসও ঠিকভাবে সামলাতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক। ২৫ মিনিটে ফারহানের হেডে মাঝখানে আসা বলে পেছন ফিরে ব্যাকফ্লিক করার চেষ্টা করেন হামজা। তার সে প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
আরও পড়ুন<<>>সমিত-হামজার ২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ
মাঝে শ্রীলঙ্কাও বলের দখলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ৩৫ মিনিটে তাদের পায়ে বলের দখল ছিল ৫৩ শতাংশ। যদিও সে দখল থেকে উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। ৪৭ শতাংশ বল দখলে রেখে ওই সময়েই লঙ্কান গোল পোস্ট লক্ষ্য করে ৯টি শট নিয়ে ফেলে বাংলাদেশ। ৪০তম মিনিটে বাম দিক থেকে ডি সিলভার বিপজ্জনক ক্রস অবশ্য বাংলাদেশের রক্ষণকে কিছুটা চাপে ফেলেছিল। তবে স্বাগতিক রক্ষণ দারুণ ভাবে সামাল দেয় সেটা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে বাঁ-দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন হামজা। এরপর তার জোরালো শট শ্রীলঙ্কার গোলরক্ষকের হাঁটুতে লেগে বারেও লাগে। তবুও বল জড়িয়ে যায় শ্রীলঙ্কার জালে।
বিরতি থেকে ফিরেও আক্রমণ বজায় রাখে বাংলাদেশ। তৃতীয় গোল পেতেও দেরি হয়নি। ম্যাচের ৫৩তম মিনিটে ফারহান আলী ওয়াহিদের পায়ে যেন জাদু দেখল জাতীয় স্টেডিয়াম। বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক ঘেঁষে এগোতে থাকেন তিনি। সামনে বাধা হয়ে দাঁড়ানো একের পর এক তিন ডিফেন্ডারকে কাটিয়ে ও তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জায়গা তৈরি করেন শটের।
এরপর ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে বল পাঠান জালে। সামনে দাঁড়িয়ে থাকা হামজা চৌধুরীর চোখেমুখেও ছিল বিস্ময়। গোলের পর সতীর্থদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো।
৭১ তম মিনিটে বাঁ দিক দিয়ে ঢুকে ফয়সাল আহমেদ ফাহিমের শট অবশ্য ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা। এর আগে ৬৫ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের সামনে এগিয়ে এসে বল দখলে নেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কা বিচ্ছিন্ন কিছু আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি।
শেষ দিকে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। ৮৭তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে গোলের দেখা পান রাকিব হোসেন। গোলরক্ষক পেরেরার মুখোমুখি হয়ে তাকে পরাস্ত করেন দুর্দান্ত এক চিপ শটে। এরপর অতিরিক্ত সময় ৬ মিনিট দলেও শ্রীলঙ্কা কোনো গোল শোধ করতে পারেনি। বরং বাংলাদেশ আরও কয়েকবার আক্রমণ চালিয়েছে, ফিনিশিংয়ে ব্যর্থ না হলে গোল সংখ্যা আরও বাড়তে পারতো।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































