Apan Desh | আপন দেশ

প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:০২, ১১ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ

ফাইল ছবি

কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধ করতে হবে। এরপর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার নেয়া ঘুষ নয়। এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তার এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

উপহারের আড়ালে ঘুষকে বৈধতা দেয়ার চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় টিআইবি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্যই তারা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেয়ার সুযোগ কোথায়?

তিনি প্রশ্ন তোলেন, উপহার নেয়াকে বৈধ বলার মাধ্যমে প্রতিমন্ত্রী কি কার্যত ঘুষকে বৈধতা দিচ্ছেন এবং সরকারি কর্মকর্তাদের এমন অনিয়মে উৎসাহিত করছেন?

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানোর দায়িত্ব যাদের, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত সুবিধা নেয়ার পরামর্শ দেয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে।

আরও পড়ুন <<>> স্বেচ্ছাসেবক দল নেতা তেরে নাম বাবু গ্রেফতার

দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারা, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধান উল্লেখ করে টিআইবি জানায়, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিকের বাইরে কোনো সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। এসব আইনি বিধানের কোথাও দাফতরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেয়ার অনুমোদন নেই।

এ ধরনের লেনদেনে স্বার্থের সংঘাতের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। ড. ইফতেখারুজ্জামান বলেন, একজন প্রকৌশলী যে ঠিকাদারের কাজ তদারক করেন, সে ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের লেনদেন কাজের তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। একই চর্চা অন্য সরকারি দফতরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, আজ যে সুবিধাকে স্বেচ্ছায় দেয়া উপহার বলা হচ্ছে, ভবিষ্যতে তা নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ আদায়ের অলিখিত শর্তে পরিণত হতে পারে।

প্রতিমন্ত্রীর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের প্রসঙ্গ উঠে আসায় তারও জবাবদিহি দাবি করেছে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তার পেশাগত সততা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এ ধরনের পরামর্শের মাধ্যমে সরকারি ব্যবস্থায় দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করার আহবান জানিয়েছে টিআইবি। একই সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়