Apan Desh | আপন দেশ

ঢামেকে ‘বাবল সিপ্যাপ’ ব্যবহারের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:১৩, ১৫ মে ২০২৬

আপডেট: ১৪:১৪, ১৫ মে ২০২৬

ঢামেকে ‘বাবল সিপ্যাপ’ ব্যবহারের প্রশিক্ষণ

ছবি: আপন দেশ

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের সঙ্গে পাল্লা দিয়ে শিশুদের মাঝে বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ। নিউমোনিয়াজনিত তীব্র শ্বাসকষ্টে অনেকের আইসিইউ সাপোর্ট লাগছে। কিন্তু বেশির ভাগ হাসপাতালেই নিরবচ্ছিন্ন অক্সিজেন, আইসিইউ বা দামি ভেন্টিলেটরের অভাবে শিশুদের জীবন যখন চরম ঝুঁকির মুখে, ঠিক তখনই আশার আলো হয়ে এসেছে মাত্র দুই ডলার খরচে তৈরি এক অভিনব দেশীয় প্রযুক্তি ‘বাবল সিপ্যাপ’। 

আইসিডিডিআর,বি-এর বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি সাধারণ প্লাস্টিকের বোতল ও স্যালাইনের নলের সমন্বয়ে তৈরি এ পদ্ধতি শিশুদের শ্বাসকষ্ট লাঘবে রাখছে অভাবনীয় ভূমিকা। দামি ভেন্টিলেটরের বিকল্প হিসাবে ‘বাবল সিপ্যাপ’ মুমূর্ষু শিশুদের প্রাণ বাঁচাতে জাদুকরী রক্ষাকবচ হয়ে উঠেছে। ঢাকা মেডিকেল কলেজে ভেন্টিলেটরের বিকল্প হিসেবে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১২৮ জন চিকিৎসক ও ৭জন নার্স। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) অভিজ্ঞ চিকিৎসকরা এ প্রশিক্ষণ প্রদান করেন।

বাবল সিপ্যাপের ওপর বিজ্ঞানভিত্তিক ও গবেষণালব্ধ তথ্য ও ব্যবহারের কার্যকারিতার বিষয়ে উপস্থাপনা করেন আইসিডিডিআর,বির মেটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন বিভাগের জ্যৈষ্ঠ বিজ্ঞানী ডা. মোহাম্মদ যোবায়ের চিশতী। 

আরও পড়ুন<<>>হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঢামেকের শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. লুৎফন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির ঢাকা হাসপাতালের পেডিয়াট্রিক্স ও অনারারি চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. চৌধুরী আলী কাওসার। 

বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের শিশু বিভাগের একাডেমিক পরিচালক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুফিয়া খাতুন, আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিকসের অধ্যাপক ডা. এ আর এম লুৎফুল কবির, আইসিডিডিআর,বির ক্লিনিক্যাল ও ডায়াগনিস্টিক সার্ভিসেসের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. ফজলুল কবীর, ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিয়ার রহমান, বাংলাদেশ পেডিয়াট্রিক্স পালমোনারী ফোরামের সাধারণ সম্পাদক ডা: এম. এস. খালেদ প্রমুখ। 

প্রসঙ্গত, আইসিডিডিআর,বির বাবল সিপ্যাপ একটি সহজলভ্য শ্বাস-প্রশ্বাস সহায়তা পদ্ধতি। এটি গুরুতর নিউমোনিয়া ও হাইপোক্সেমিয়ায় (রক্তে অক্সিজেনের স্বল্পতা) আক্রান্ত শিশুদের ফুসফুস সচল রাখতে এবং অক্সিজেন সরবরাহ বাড়াতে সহায়তা করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং আইসিডিডিআর,বির কারিগরি সহায়তায় দেশের বিভিন্ন হাসপাতালে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও বিনামূল্যে ইউনিট সরবরাহ করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়