Apan Desh | আপন দেশ

ঘরে বসেই দেখুন অস্কারের সেরা ছবি

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ১৬ মার্চ ২০২৬

ঘরে বসেই দেখুন অস্কারের সেরা ছবি

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা হিসেবে পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসা পাওয়া এ আলোচিত সিনেমাটি এখন ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

অস্কারের জমকালো আয়োজনে ছবিটি সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা সহ-অভিনেতাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে নেয়। ছবিটির নির্মাতা পল থোমাস অ্যান্ডারসন পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও প্রযোজনায়ও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা বিচারকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে বরেণ্য অভিনেতা  শন পেন এ সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ারের তৃতীয় অস্কার জিতেছেন। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ বিভাগে তিনি প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ছবিটি ব্যাপক আলোচনায় ছিল।

আরও পড়ুন <<>> অস্কার মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

প্রেক্ষাগৃহে সাফল্যের পর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১৬২ মিনিট দৈর্ঘ্যের এই কমেডি-অ্যাকশন-থ্রিলার সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। বর্তমানে এটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’ এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা এখন ওটিটি সাবস্ক্রিপশনের মাধ্যমে সহজেই সিনেমাটি দেখতে পারছেন।

ছবিটিতে এক ঝাঁক তারকা অভিনেতাকে পর্দায় হাজির করেছেন পরিচালক। প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তিনি ‘বব’ নামের এক প্রাক্তন বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন। অতীত ভুলে নতুন জীবন শুরু করার চেষ্টা করলেও পুরনো সংঘাত ও ষড়যন্ত্র কীভাবে তাকে তাড়া করে ফেরে, সেটিই ছবির মূল কাহিনি।

এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বেনিসিও দেল তোরো, রেজিনা হল, তিয়ানা টেলর এবং সাজ ইনফিনিটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়