ছবি : সংগৃহীত
অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমে অনেক দিন ধরেই ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসন নিয়ে সোচ্চার। এবার অস্কারের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।
তার এ বক্তব্যের পরপরই অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।
বাংলাদেশ সময় সোমবার ভোরে (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটার-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কার দিতে মঞ্চে উঠে হাভিয়ের বারদেমে ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেন। এ সময় তার সঙ্গে মঞ্চে ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেয়ার জন্য মঞ্চে আসেন তারা। তখন বারদেমের পোশাকে ‘নো টু ওয়ার’ (যুদ্ধ নয়) লেখা একটি পিন দেখা যায়। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’—অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।
তার এ বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র সেন্টিমেন্টাল ভ্যালু-কে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ঘোষণা করেন।
আরও পড়ুন<<>>কারা পেলেন এবারের অস্কার
মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন বারদেম। সেখানে ফিলিস্তিনের সমর্থনে বিশেষ প্যাচ লাগানো পোশাক পরে তিনি ছবি তোলেন।
অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা কেবল বিনোদন নয়, বরং এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য ও আশাবাদের প্রতীক। এবারের আসরে বিশ্বের ৩১টি দেশের চলচ্চিত্র অংশ নেয়।
এদিকে এবারের অস্কারে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালনাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে পুরস্কার পেয়েছে।
এছাড়া রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ চারটি এবং গিয়ের্মো দেল তোরো নির্মিত ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি বিভাগে অস্কার জিতেছে।
অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































