শাহনূর। ছবি: ফাইল
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাহনূর। তিনি প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত হয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন। কিছুদিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, Mount Sinai Manhattan হাসপাতালে তার চিকিৎসা হবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট মিললেই এক-দুই দিনের মধ্যে অপারেশন করা হতে পারে। বিলম্ব হলে শারীরিক জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।
এ অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন শাহনূর। অসুস্থতার খবর জানিয়ে তিনি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে লেখেন, জীবনে যদি কখনো তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে যেন তাকে ক্ষমা করে দেয়া হয়।
২৬ বছরের ক্যারিয়ারে ব্যক্তিগত স্বার্থের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বিদ্বেষ নয়, ইতিবাচক চিন্তা ও কাজের মধ্যেই নিজেকে রেখেছেন বলেও জানান।
আরও পড়ুন <<>> ফেসবুকে ‘S...’ লিখে রহস্যময় পোস্ট মিষ্টি জান্নাতের
পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। বিলাসী জীবন নয়, মানুষের কল্যাণেই নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছেন বলে লেখেন। তার বিশ্বাস, মানুষের দোয়াই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে।
উল্লেখ্য, ২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। পরে অসংখ্য সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। পরিচালক সুচন্দা নির্মিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় আম্বিয়া চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। নায়ক রিয়াজের বিপরীতে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটে আছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































