ছবি: আপন দেশ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধির আহবান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের প্রস্তুতি বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিডিজবসের যৌথ উদ্যোগে সভাটি আয়োজিন করা হয়।
ইবি উপাচার্য বলেন, একটি রাষ্ট্রের পক্ষে সব নাগরিককে সরকারি চাকরিতে আত্মীকরণ করার সক্ষমতা কতটুকু? ধরা যাক, দেশে যদি ৩০ লক্ষ বেকার থাকেন, তবে সরকারের হয়তো একবারে মাত্র ৫ লক্ষ মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেয়ার সামর্থ্য রয়েছে। তাহলে বাকিদের ভবিষ্যৎ কী হবে? এ বিষয়টি বিবেচনায় রেখে বর্তমান সরকার কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মূল বার্তাটি হলো নিজেই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিন, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করুন এবং শিল্প-সংশ্লিষ্ট (ইন্ডাস্ট্রি-রিলেটেড) কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। যাতে আপনার চাকরি খোঁজার প্রয়োজন না হয়, চাকরিই আপনাকে খুঁজে নেয়। ঠিক সেভাবেই নিজেকে যোগ্য করে গড়ে তুলুন। আর এটিই আমাদের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন<<>>সরকারের ব্যর্থতার ব্যানার টানানোয় ইবি ছাত্রশক্তির আহবায়ককে শোকজ
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যখন রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য রিকম্যান্ড করা হবে, তখন তাদের সহশিক্ষা কার্যক্রম যেমন রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, স্পোর্টস, কালচারাল অথবা প্রাকৃতিক কোন দূর্যোগে একজন শিক্ষার্থী নিজেকে কীভাবে সেখানে উপস্থাপন করেছেন তা খুব গুরুত্বপূর্ণ হিসেবে পিএসসির ভাইবা বোর্ডে মূল্যায়ন করা হয়। পড়াশোনার পাশাপাশি এ কার্যক্রমগুলো দিয়ে তোমরা নিজেদেরকে শাণিত করো। সরকার কোন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করলে অথবা যেকোনো দায়িত্ব প্রদান করলে প্রবলেম সলভিং ক্যাপাসিটি যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি এ পদের জন্য উপযোগী নও, এটিই বিবেচনা করা হয়।
অনুষ্ঠানের আহবায়ক আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কী-নোট স্পিকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিডিজবস ডটকম লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আলী ফিরোজ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































