ছবি: আপন দেশ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত ‘সাদা দল’ এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। বর্তমানে মাত্র দুই সদস্যকে নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাদা দলের বর্তমান দুই সদস্যের একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। তিনি সংগঠনটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক।
তবে সংগঠনটির আহবায়কের পদে থাকা শিক্ষক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে বিদেশে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে কার্যত দুই সদস্যকে নিয়েই সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম চলছে।
সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত শিক্ষকদের অনেকে সাংগঠনিকভাবে কোণঠাসা হয়ে পড়লে সাদা দলের শিক্ষকরা তুলনামূলকভাবে দৃশ্যমান হয়ে ওঠেন। তবে সংগঠনটির নিজস্ব সাংগঠনিক ভিত্তি এখনো শক্তিশালী হয়নি।
আরও পড়ুন <> পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরম
এদিকে মাত্র দুই সদস্যের ওই সংগঠনের সঙ্গে আরও কয়েকজন শিক্ষক যুক্ত হওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাদা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক সংগঠনটির সদস্য হওয়ার জন্য ফরম পূরণ করেছেন। তাদের তাদের মধ্যে রয়েছে ড.তানজিউল ইসলাম জীবন, মো. ইউসুফ, মাসুদ রানা, ড. মনিরুজ্জামানসহ বর্তমান প্রশাসনের সবাই সাদা দলে ফরম পূরণ করেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন মতাদর্শের শিক্ষকদের সক্রিয় উপস্থিতি থাকলেও সাদা দলের সাংগঠনিক বিস্তৃতি দীর্ঘদিন ধরে সীমিত। ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর পরও সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি না হওয়াকে সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, সদস্য সংগ্রহ চলছে। শীঘ্রই কমিটি হবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































