ছবি: আপন দেশ
আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতার ক্ষেত্রে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক পরিসরে তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশি ভাষা শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জাপানি ,আরবি, ও চীনা ভাষা শেখার সুযোগ সৃষ্টি করা হবে।
বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তঃদেশীয় যোগাযোগ এবং ভাষাগত দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষ করে কৃষি, কৃষি-প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক গবেষণা ও সহযোগিতার সুযোগ কাজে লাগাতে বিদেশি ভাষার জ্ঞান শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম বলেন , বর্তমান সরকারের বিদেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে জাপানি, আরবি ও চীনা ভাষা শিক্ষার এ সুযোগ তৈরি করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগণও এ ভাষা শিক্ষার সুযোগ পাবেন।
আরও পড়ুন<<>>নাটোরে নিখোঁজের ছয় দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার
উপাচার্য আরও বলেন, কুড়িগ্রাম ও উত্তরাঞ্চলের অনেক তরুণ কাজের সন্ধানে বিদেশে গেলেও ভাষাদক্ষতার অভাবে কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হন। ল্যাঙ্গুয়েজ সেন্টারে জাপানি, চীনা ও আরবি ভাষা শেখার মাধ্যমে তারা আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠতে পারবেন। পাশাপাশি এ দক্ষতা শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ ও গবেষণায় নতুন সুযোগ তৈরি করবে। আমরা চাই, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরুক।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































