ছবি: আপন দেশ
ভিসি পুনর্বহালের দাবিতে ১১তম দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। প্রশাসন থেকে এখনও কোনো সাড়া না পাওয়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২ অক্টোবর)দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, আজকে আমাদের আন্দোলনের ১১তম দিন। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের এ বিক্ষোভ মিছিল।
তিনি আরও জানান, আমাদের ক্লাশ, পরীক্ষা এখন পর্যন্ত সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাশ-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
একই বর্ষের আরেক শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা এ অনিশ্চয়তার একটা শেষ চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আকুতি আপনি হস্তক্ষেপ করে এর একটা সমাধান দিন। আমরা ক্লাশে ফিরে যেতে চাই।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































