ছবি: আপন দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়ায় কঠোর অবস্থানে গেছে সরকার। নিম্নমানের খাবার বিতরণ বা দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে বিভাগীয় মামলা ও আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত জরুরি নির্দেশনা গণমাধ্যমে পাঠায়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বিদ্যালয় থেকে পচা বনরুটি, নষ্ট ডিম, ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে প্রধান শিক্ষকদের সরবরাহ করা খাবারের মান ও পরিমাণ যাচাই করে গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারী প্রতিষ্ঠানের দেয়া খাদ্য নির্ধারিত মান ও স্পেসিফিকেশন অনুযায়ী আছে কি না তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময় অনুযায়ী খাদ্য বিতরণও নিশ্চিত করতে হবে।
বিদ্যালয় পর্যায়ে খাবার সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বনরুটি অবশ্যই তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত হতে হবে। প্যাকেট ছেঁড়া, আর্দ্রতা, ফাঙ্গাস বা দুর্গন্ধ থাকলে তা গ্রহণ করা যাবে না। পাশাপাশি প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ১২০ গ্রাম নেট ওজন উল্লেখ আছে কি না, তা যাচাই করতে হবে।
ডিমের ক্ষেত্রে ফাটা, দুর্গন্ধযুক্ত বা পিচ্ছিল ডিম গ্রহণ না করার নির্দেশ দেয়া হয়েছে। কলা হতে হবে দাগ ও পোকামুক্ত। অতিরিক্ত পাকা বা পচা কলাও বিতরণ করা যাবে না।
আরও পড়ুন <<>> স্মার্ট অ্যাপের যাত্রা: এক ক্লিকেই মিলবে রক্তদাতার তথ্য
এছাড়া ইউএইচটি মিল্ক ও ফর্টিফাইড বিস্কুটের প্যাকেজিং অক্ষত রয়েছে কি না, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ আছে কি না, তা পরীক্ষা করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না। সরবরাহকারী প্রতিষ্ঠান এমন খাবার দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি, শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































