Apan Desh | আপন দেশ

স্মার্ট অ্যাপের যাত্রা: এক ক্লিকেই মিলবে রক্তদাতার তথ্য

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ মে ২০২৬

আপডেট: ১৮:৫০, ১৫ মে ২০২৬

স্মার্ট অ্যাপের যাত্রা: এক ক্লিকেই মিলবে রক্তদাতার তথ্য

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী হল ইউনিট প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সহজ করতে চালু করা হয়েছে অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘ব্লাড ডোনার ট্র্যাকার’।

শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন হল ইউনিটের সভাপতি মো. লিমন মিয়া।

বাঁধন, বাকৃবি জোনের অধীনে প্রতিষ্ঠার পর গত ২৫ বছর ধরে থ্যালাসেমিয়াপ্রবণ ময়মনসিংহ অঞ্চলের অসংখ্য রোগীর পাশে কাজ করে যাচ্ছে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী হল ইউনিট। সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিটের কার্যকরী পরিষদ-২০২৬।

ইউনিট সভাপতি লিমন মিয়া জানান, অ্যাপটির স্বত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন অ্যাপটির ডেভেলপার এবং ইউনিটের তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মুশফিকুর রহমান সিফাত।

এসময় উপস্থিত ছিলেন বাঁধন, বাকৃবি জোনের সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম শিমুল, হল ইউনিটের উপদেষ্টা মো. বকুল আলী এবং কার্যকরী পরিষদ-২০২৬ এর সদস্যরা।

সংগঠন সূত্রে জানা যায়, অ্যাপটিতে প্রাথমিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘হ্যান্ড-টু-হ্যান্ড এডিটেবল সিস্টেম’। এর মাধ্যমে প্রতিদিন মোবাইল ফোন থেকেই সহজে রক্তদাতাদের তথ্য ইনপুট ও হালনাগাদ করা যাবে। ফলে ডোনারদের তথ্য সবসময় আপডেট থাকবে।

আরও পড়ুন <<>> ইবির নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ

এছাড়া ‘ওয়ান-ক্লিক অ্যাভেইলেবল ডোনার লিস্ট’ ফিচারের মাধ্যমে গ্রুপ ও সেশনভিত্তিক রক্তদাতাদের তালিকা এক ক্লিকেই পাওয়া যাবে। সংশ্লিষ্টদের মতে, জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এটি কার্যকর ভূমিকা রাখবে।

অ্যাপটিতে আরও যুক্ত করা হয়েছে ‘মান্থলি রিপোর্ট জেনারেটর’ সুবিধা। এর মাধ্যমে সহজেই মাসিক রক্তদান কার্যক্রমের রিপোর্ট তৈরি করা সম্ভব হবে। এতে সময় ও শ্রম দুটোই কমবে।

পাশাপাশি ‘অ্যাভেইলেবিলিটি রিমাইন্ডার/কমেন্ট সেকশন’ ফিচারের মাধ্যমে কোনো রক্তদাতা ভবিষ্যতে কবে আবার রক্ত দিতে পারবেন, সে তথ্যও সংরক্ষণ করা যাবে। ফলে নির্দিষ্ট সময় পর তার সঙ্গে পুনরায় যোগাযোগ করা সহজ হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হল ইউনিটের যে কেউ অ্যাপে তথ্য যুক্ত করলে তা সংশ্লিষ্ট সবাই দেখতে পারবেন।

হল ইউনিটের সভাপতি মো. লিমন মিয়া বলেন, অ্যাপটির কিছু কাজ এখনো চলমান রয়েছে। খুব শিগগিরই নতুন কয়েকটি ফিচার সংযোজন করে এক মাসের ট্রায়াল পরিচালনা করা হবে। পরে এটি আরও বড় পরিসরে ব্যবহার উপযোগী করা যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়