স্বর্ণের অলঙ্কার
দেশের বাজারে আরও এক দফা বাড়ল স্বর্ণের দাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা; যা আগের দামের তুলনায় ৪ হাজার ৩৭৪ টাকা বেশি।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। এদিন সকাল সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণ দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন<<>>আজ স্বর্ণ-রুপার ভরি কত, জেনে নিন
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ভালো মানের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা এবং ২১ ফেব্রুয়ারি ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা।
শুধু স্বর্ণ নয়, বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ১১৭ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































