ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শুরুতে প্রশাসন ভবনের গেটে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে তারা।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে জমায়েত হয়। এসময় প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। কিছুক্ষণ পরে কর্মকর্তাদের কেউ একজন শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগে ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের গেটেও তালা ঝুলিয়ে দেয় তারা। এতে দুপুর ১টার বাস বন্ধ হয়ে যায়।
এসময় শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যার বিচার না হওয়ায় এ ঘটনা ঘটেছে। সাজিদ হত্যার বিচার হলে ফজলু আমাদের ম্যামকে হত্যা করার সাহস করতো না। ফজলু ছাড়াও শ্যাম সুন্দর সরকার, হাবিব, বিশ্বজিৎ সহ যেকয়জন জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। নইলে আগে সাজিদ আব্দুল্লাহ হত্যা হয়েছে, তারপর আমাদের ম্যাডাম খুন হয়েছে, এরপরে আমি আপনি খুন হবো না তার নিশ্চয়তা কে দিবে?
আরও পড়ুন<<>>প্রাথমিক বৃত্তিতে আর্থিক সুবিধা বাড়ানোর ইঙ্গিত
এসময় প্রশাসনের কাছে ৪দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবি গুলো হচ্ছে - নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল দোষীর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ও একজন সদস্যের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, নির্মাণাধীন হল আসমা সাদিয়া রুনার নামে নামকরণ করতে হবে এবং বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসিকে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের দাবি বাস্তবায়নের ব্যাপারে আলোচনার দাবি জানান শিক্ষার্থীরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































