Apan Desh | আপন দেশ

দুদকের মামলায় ছেলেসহ গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৫, ৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৩৬, ৫ অক্টোবর ২০২৬

দুদকের মামলায় ছেলেসহ গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

ছবি : আপন দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়।

তার ছেলে আসিবুর রহমানকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীর গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানির আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গ্রেফতার দেখানো শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি মো. আসিবুর রহমান আয়করদাতা হওয়া সত্ত্বেও তার নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়।

তবে অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকার। এর ফলে তার নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন <<>> বিপিটিএলের পরিচালক গ্রেফতার, দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, সাবেক নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করেন। যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্থ অর্জন করেন। তার ছেলে আসিবুর রহমান এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এ ঘটনায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়