ছবি : আপন দেশ
খুলনায় পারিবারিক বিরোধের জেরে সাবেক মেয়ের জামাইয়ের গুলিতে ইকবাল শেখ (৪৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (০৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইকবাল শেখকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান। তার বাম পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।
ইকবাল শেখ খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।
আরও পড়ুন: অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে ইকবাল শেখের সঙ্গে আবিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবির তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তার বাম পায়ে গুলি লাগে।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে আবির ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে আহত ইকবাল শেখকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































