Apan Desh | আপন দেশ

অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত

ফেনী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:২৩, ৪ অক্টোবর ২০২৬

অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত

ছবি : আপন দেশ

ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মো. আলমগীর (৪৬) নিহত হয়েছেন। 

তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাক চালকও আহত হয়েছেন।

শনিবার (০৩ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং-সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। আহত ট্রাক চালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, এসআরবির একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এসময় একটি কাভার্ডভ্যানকে দাঁড় করে তল্লাশি চালানোর সময় অপর একটি ট্রাককে থামার সংকেত দেয়। এসময় ট্রাকটি না থামিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাস্তার বামপাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে পাশের গর্তে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় এসআরবি সদস্য মো. আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করে। আহত সজিব হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়