ছবি : আপন দেশ
আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। সরকার এ লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী করতে নিয়মিত নির্বাচনের বিকল্প নেই। এ লক্ষ্যেই আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।
তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
মতবিনিময় সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় রুফটপ সোলার ব্যবস্থার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট ভবন বা প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে। এতে বিদ্যুতের ঘাটতি মোকাবিলার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে।
সার সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, যেসব এলাকায় বিরোধী দলের এমপি রয়েছেন, সেসব এলাকায় কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করা হয়েছে। সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য চক্রান্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন <<>> লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এর আগে সকালে গাইবান্ধায় পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউসে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সার্কিট হাউসে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় জেলার বিভিন্ন বিষয় ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সকাল সাড়ে ১১টা পর্যন্ত তিনি সার্কিট হাউসে অবস্থান করেন।
দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. মো. মনির উজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ ডা. ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
সভা শেষে প্রতিমন্ত্রী গাইবান্ধা সার্কিট হাউসে ফিরে যান। পরে বিকেলে সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































