Apan Desh | আপন দেশ

রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৫

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৫

ছবি: আপন দেশ

রাজশাহী পদ্মা সরকারি কলেজে হেল্পডেস্কের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের তিনজন ও ছাত্রদলের দুজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতাকর্মীদের নগরের রাজপাড়া থানার মোড় এবং ছাত্রদলের নেতাকর্মীদের পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে অবস্থান নিতে দেখা যায়। এ ঘটনায় কলেজ এলাকায় উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজের ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি হেল্পডেস্ক স্থাপন করা হয়। মঙ্গলবার সকালে সেখানে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রশিবিরের রাজশাহী শাহ মখদুম থানা সভাপতি তানভীর মাহতাব বলেন, ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য তারা গত তিন দিন ধরে কলেজে হেল্পডেস্ক পরিচালনা করছিলেন। মঙ্গলবার সকালে হেল্পডেস্কে ব্যানার টাঙানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা সেটি ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন<<>>রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

তানভীর মাহতাবের দাবি, ব্যানার ছেঁড়ার প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হলে ছাত্রশিবিরের তিনজন আহত হন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

তবে ছাত্রদল নেতাদের দাবি, ছাত্রশিবিরের নেতাকর্মীরাই ক্যাম্পাসে এসে উত্তেজনা সৃষ্টি করেছে। পদ্মা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, তারা পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তার দাবি, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রশিবিরের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী কলেজে প্রবেশ করে ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হলে তাদের দুজন আহত হন।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। তিনি বলেন, কোনো ক্যাম্পাসে এ ধরনের ঘটনা হতে দেয়া হবে না। ভবিষ্যতে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তার জবাব দেয়া হবে।

অন্যদিকে, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজিরের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে হেল্পডেস্কে হামলা করে ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এতে ছাত্রশিবিরের তিনজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ইমরান নাজির বলেন, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতার জন্যই হেল্পডেস্কটি স্থাপন করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সহযোগিতার ক্ষেত্রে সব পক্ষকে সমান সুযোগ দেয়ার দাবি জানান তিনি।

সংঘর্ষের পর অবশ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ভিন্ন চিত্র। আহতদের দেখতে সেখানে যান দুই পক্ষের নেতাকর্মীরা। ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে ছাত্রদলের নেতাকর্মীরা এবং ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হাসপাতালে যান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়