Apan Desh | আপন দেশ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪২, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

ছবি: আপন দেশ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা, ভাঙচুর ও আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। একইসঙ্গে জেলার সব কোল্ড স্টোরেজে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্সের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি মো. আবু বাক্কার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কৃষি বিপণন অধিদফতর গত ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করে। সরকারি নির্ধারিত ওই ভাড়া অনুযায়ী বর্তমানে আলু সংরক্ষণ ও ডেলিভারি দেয়া হচ্ছে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার দৌলতপুর এলাকার রহমান সিডস স্টোরেজ প্রাইভেট লিমিটেডে প্রতি কেজি ৬ টাকা দরে বস্তা হিসেবে আলু ডেলিভারি দেয়া হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন বহিরাগত স্টোরেজে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই ব্যক্তিরা স্টোরেজের ম্যানেজার আব্দুল হালিম সরকারকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে ডেলিভারি অর্ডার কর্মকর্তা আজিজুর রহমানকে সরকারি নির্ধারিত ৬ টাকার পরিবর্তে ৫ টাকা দরে ডিও কাটতে চাপ দেয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ করা হয়।

একপর্যায়ে হিসাবরক্ষক রায়হান রানাকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্রমিক সালাউদ্দিনকেও মারধর করা হয়। এ ছাড়া সহকারী ম্যানেজার আজিজুর রহমানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের ওপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামে নির্বাচন কমিশন-ওসিসির সমন্বয় সভা

অভিযোগে বলা হয়, হামলাকারীরা স্টোরেজের অফিস কক্ষের চেয়ার-টেবিল, কম্পিউটার, ক্যাশ কাউন্টারের কাচ ও ম্যানেজারের টেবিল ভাঙচুর করে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। পরে তারা স্টোরেজে ঢুকে আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে স্টাফদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু বাক্কার বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকার নির্ধারিত ভাড়াও দিতে চাইছে না। তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কোল্ড স্টোরেজের কর্মকর্তা-কর্মচারী ও মালিকপক্ষ নিরাপত্তাহীনতায় রয়েছে।

তিনি বলেন, রহমান সিডস স্টোরেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি রাজশাহীর সব কোল্ড স্টোরেজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীতে প্রায় ৪০টি কোল্ড স্টোরেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী সম্পৃক্ত। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে আলু সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কোল্ড স্টোরেজ শিল্পও ক্ষতির মুখে পড়তে পারে।

লিখিত বক্তব্যে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি বেড়েছে। এসব বিষয় বিবেচনায় কৃষি বিপণন অধিদফতর আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৬ টাকা নির্ধারণ করেছে। তবে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলুর ভাড়া ৭ টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল। পরে সরকারি নির্ধারিত ভাড়া মেনে নেয়া হয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি।

ঘটনার যথাযথ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি হাসান আলী, সহ-সভাপতি শামসুর রহমান শান্তন, জিয়াউর আহমেদসহ বিভিন্ন কোল্ড স্টোরেজের মালিকেরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়