ছবি: আপন দেশ
কুড়িগ্রামে গণতান্ত্রিক সংস্কার, লিঙ্গ-সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় জোরদারের বিষয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেল ও বাংলাদেশ ইলেকশন কমিশনের সঙ্গে একটি বৈঠক হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একশনএইড বাংলাদেশের আয়োজনে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।
জিআরআইপি প্রকল্পের আওতায় আয়োজিত সভায় ওয়ান স্টপ ক্রাইসিস সেল কুড়িগ্রাম, বাংলাদেশ ইলেকশন কমিশন ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রতিনিধিরা এতে অংশ নেন। সভায় বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, সদর উপজেলা ইলেকশন অফিসার সুমিয়ারা পারভীন,প্রোগ্রাম অফিসার আল ইমরান, উপপরিচালক জয়ন্তী রানী।
অনুষ্ঠান পরিচালনা করেন ActionAid Bangladesh এর GRIP প্রজেক্ট টীমের জেন্ডার এক্সপার্ট শিউলি আক্তার, প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ফিল কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা। সার্বিক আয়োজন ও সহযোগীতায় ছিলেন আব্দুস সামাদ।
আরও পড়ুন<<>>বরকলে গলায় ফাঁস লাগানো জেলের মরদেহ উদ্ধার
বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, গণতান্ত্রিক সংস্কার কার্যকর করতে হলে শুধু সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করলেই হবে না। এ প্রক্রিয়ায় নারী, তরুণ, প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকলে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর ও অংশগ্রহণমূলক হবে।
সভায় লিঙ্গ-প্রতিক্রিয়াশীল ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে কাজের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান, যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর জোর দেয়া হয়।
আলোচনায় উঠে আসে, স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে অংশীজনদের মধ্যে সমন্বয়, জবাবদিহি ও অংশগ্রহণের পরিবেশ আরও সুদৃঢ় করা প্রয়োজন। এ ক্ষেত্রে GRIP প্রকল্পের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সভায় মত প্রকাশ করা হয়।
সভায় অংশগ্রহণকারীদের উপস্থিততে ActionAid Bangladesh এর GRIP Project এর পক্ষ হতে ওয়ান স্টপ ক্রাইসিস সেল কুড়িগ্রামের কার্যক্রম বৃদ্ধি ও উন্নত সেবা প্রদানে কিছু লজিস্টিক আনুষ্ঠানিক ভাবে ওসিসিকে হস্তান্তর করা হয়। লজিস্টিক সমুহের মধ্যে ছিল ফাইল কেবিনেট, প্রিন্টার, স্ট্যান্ড ফ্যান, জগ এবং গ্লাসের, জানালার পর্দা, কপি হিটার, অফিসার চেয়ার, পানির ফিল্টার ইত্যাদি।
সভায় উপস্থিত প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে আরও অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ-সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































