ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংকট যেন দিন দিন বেড়েই চলছে। এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে। এ সংকটের পর থেকে বাহরাইনে নানা অভিযোগে ব্যাপক ধরপাকড় চলছে। যে কারণে প্রবাসীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট দেয়া হয়।
পোস্টে বলা হয়, বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের সেখানকার স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে।
পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্যই কেবল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনও তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করার বিষয়টিও গুরুত্বসহকারে উল্লেখ করেছে দূতাবাস।
এছাড়া অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকতে বলা হয়েছে। আর সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা, তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়টিও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
আর প্রবাসীদের বর্জনীয় বিষয়গুলো হচ্ছে- সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করা।
আরও পড়ুন <<>> মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ
এ ছাড়া বাহরাইনের নিষিদ্ধ কোনও রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ করা যাবে না। যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদানও করা যাবে না। কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ না করতে বলা হয়েছে। নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয় পত্র/আইডি, ব্যাংক তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার ওপরও জোর দিয়েছে দূতাবাস।
পাশাপাশি ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেয়ার কথা বলা হয়। ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগ/ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়ায় জোর দেয়া হয়। কোনও অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না জানাতে অনুরোধ করেছে দূতাবাস।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































