মীর শাহে আলম। ফাইল ছবি
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যকে ‘ঘুষ বৈধতা দেয়ার অপচেষ্টা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ দাবি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
তবে ঘুষের বিষয়টিকে অনানুষ্ঠানিক বক্তব্য হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের এক ব্যাখ্যায় এসব কথা বলা হয়।
মন্ত্রণালয় বলেছে, প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একই সঙ্গে তার বক্তব্যকে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে উপস্থাপন করাকে রাজনৈতিক অপপ্রচার বলে উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যায় বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের গুণগত মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদও দিয়েছেন তিনি।
সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের বিষয়গুলো উপেক্ষা করে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের কিছু বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এতে তার বক্তব্য বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন <<>> বিমান বহরে যুক্ত হচ্ছে ৩৫ উড়োজাহাজ: বিমানমন্ত্রী
ব্যাখ্যায় আরও বলা হয়, সরকার স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই।
এদিকে বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে অনানুষ্ঠানিক বক্তব্যগুলো প্রত্যাহার করেছেন তিনি। এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেছেন।
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার আহবান জানিয়েছে মন্ত্রণালয়। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































