Apan Desh | আপন দেশ

বাংলাদেশি টিকটকারসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠাল গ্রিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২০, ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশি টিকটকারসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠাল গ্রিস

ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস। ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশি এক টিকটকারও রয়েছেন। দেশটির অভিবাসন নীতির কঠোর প্রয়োগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

দেশটির অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য জানিয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গ্রিসের নাফপ্লিও শহরে বৈধ কাগজপত্র ছাড়াই অন্যান্য অভিবাসীদের আসার আহবান জানিয়ে আসছিলেন এ টিকটকার। ভিডিও প্রকাশের ঘটনায় ২৭ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক মো. হাসানকে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে। বহিষ্কৃত হাসান মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং তিনি বিগত ৪-৫ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন।

একই সঙ্গে বাংলাদেশি ওই টিকটকারসহ বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে একটি বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিক সরকার।  

গ্রিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত টিকটকার হাসান গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে বলতে শোনা যায়, আমরা গ্রিসের নাফপ্লিওতে কাজের জন্য আছি, যাদের কাগজপত্র নেই তাদের চিন্তার কোনো কারণ নেই। ৫০ বছর এ জায়গাগুলোতে থাকলেও পুলিশ আসবে না। 

অবৈধ উপায়ে বাংলাদেশিদের গ্রিসের নাফপ্লিওতে আসার আহবান জানানোর এ বিষয়টি পরবর্তীতে গ্রিক কর্তৃপক্ষের নজরে এলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হয়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হাসানের আগে গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) ছিল। 

তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর তার বসবাসের বৈধতার কার্ডটি বাতিল করা হয় এবং তার আশ্রয়ের (অ্যাসাইলাম) আবেদনও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়।

গ্রিক মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অভিবাসীকে নিয়ে এ বিশেষ চার্টার ফ্লাইটটি পরিচালনা করা হয়।

আরও পড়ুন <> কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

এর মাধ্যমে অনিয়মিত অভিবাসন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গ্রিস সরকারের জিরো-টলারেন্স ও কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হলো।

উল্লেখ্য, গ্রিসের ঐতিহাসিক শহর নাফপ্লিওতে বাংলাদেশি যুবক হাসানের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুরো দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও সমালোচনা সৃষ্টি হয়। 

ঘটনাটি নিয়ে গ্রিসের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল ও একাধিক জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই গ্রিক পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। 

ওই সময় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস গণমাধ্যমকে জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অবৈধ অভিবাসনকে উৎসাহিত করা। বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। 

এরই অংশ হিসেবে অভিযুক্ত ওই বাংলাদেশি নাগরিকের রেসিডেন্স পারমিট বাতিল করে তাকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা হয়।

এদিকে, এই নজিরবিহীন ঘটনাটি গ্রিসে বসবাসরত সাধারণ বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি করেছে। 

প্রবাসীদের অভিযোগ, গত দুই-তিন বছরে লিবিয়া হয়ে বিপজ্জনক সাগরপথে গ্রিসে প্রবেশ করা কিছু টিকটকার সামাজিক যোগাযোগমাধ্যমে কেবল জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নানা ধরনের বিভ্রান্তিকর, চটকদার ও যাচাইবিহীন তথ্য প্রচার করছেন। 

এসব দায়িত্বজ্ঞানহীন টিকটকারের কর্মকাণ্ডের কারণে স্থানীয় প্রশাসন ও গ্রিক জনগণের কাছে সামগ্রিকভাবে পুরো বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে মারাত্মক নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়